যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অবস্থাতেই ইরান নিজে থেকে আলোচনার টেবিলে বসবে না এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ তেহরান নিজের হাতে রাখতে চায় বলে জানিয়ে দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
সাক্ষাৎকারে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে গারিবাবাদি বলেন, যুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলা এক ধরনের বড় প্রহসন। যুক্তরাষ্ট্র নিজেই সব আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করে, তাই তারা অন্য কোনো দেশকে উপদেশ দেওয়ার যোগ্যতা রাখে না মন্তব্য করে তিনি বলেন, ওয়াশিংটন আমাদের আন্তর্জাতিক আইন শেখাতে পারে না।
সম্প্রতি হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া চরম উত্তেজনার প্রসঙ্গে এই শীর্ষ কূটনীতিক জানান, ওমানের সঙ্গে প্রণালির কিছু অংশের যৌথ মালিকানা থাকলেও বর্তমান পরিস্থিতিটি সম্পূর্ণ যুদ্ধকালীন। তাই এই মুহূর্তে জাতীয় নিরাপত্তার স্বার্থে পুরো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা অত্যন্ত জরুরি।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই কঠোর অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।