বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি।
বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যেখানে তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা। তামিমকে এই বড় দায়িত্বে পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি।
বর্তমান বিশ্ব ক্রিকেটে আইপিএল, বিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দাপট দিন দিন বেড়েই চলেছে। তবে লাগামহীনভাবে বাড়তে থাকা এসব ঘরোয়া লিগের কারণে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। একই সাথে ক্রিকেটারদের অতিরিক্ত ধকল ও সুরক্ষার বিষয়টিও বড় প্রশ্নের মুখে।
এই বৈশ্বিক সংকট দূর করতে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ফ্র্যাঞ্চাইজি লিগের একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে কাজ করবে আইসিসির এই বিশেষ কমিটি। কমিটির চেয়ারম্যান হিসেবে তামিম ইকবাল এই লিগগুলোর ভবিষ্যৎ রূপরেখা ও নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবেন।
তামিম ইকবালকে প্রধান করে গঠিত এই কমিটিতে সহযোগী সদস্য হিসেবে থাকছেন- আইসিসিতে ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।