কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওই আসামি জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানি আক্কাস মিয়ার ছেলে মো. ইয়াসিন (৯) নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে না পাওয়ায় পরদিন আক্কাস মিয়া বুড়িচং থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। এর চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশু ইয়াসিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ৬ অক্টোবর বিল্লাল হোসেন ও অজ্ঞাতদের আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
কুমিল্লা আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুণ্ডের আদেশ দেন। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পিপি জানান, এ ঘটনায় প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরবর্তীতে হত্যা মামলায় তদন্ত শুরু করা হয়। তদন্তে শিশুটিকে ধর্ষণেরও প্রমাণ পায় পুলিশ। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন আদালত।