আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই তিনি ওয়াশিংটনে পৌঁছাতে পারেন।

তবে সম্ভাব্য এই সফরের নির্দিষ্ট সময়সূচি কিংবা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় আলোচনায় আসবে, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চলতি মাসের শুরুতে নেতানিয়াহু নিজেও বলেছিলেন, যুক্তরাষ্ট্র সফরের কোনো নির্দিষ্ট তারিখ তখনো চূড়ান্ত হয়নি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তিনি নেতানিয়াহুকে জানান, সেখানে ইসরায়েলি সেনাদের উপস্থিতি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নয় এবং সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা উচিত। একই ধরনের বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।

জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় একটি নিরাপত্তা বলয় বজায় রাখা জরুরি। তার মতে, এই ব্যবস্থা দেশটির নিরাপত্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। সমঝোতা কার্যকর থাকার পরও দুই দেশ পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর সম্ভাব্য ওয়াশিংটন সফরকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।