৩০ বছরে পদার্পণ করল এটিএন বাংলা

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করেছে গতকাল বুধবার। 

এ উপলক্ষ্যে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখায় এটিএন বাংলাকে শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পরিচালক নেসার আহমেদে, হাসান আহমেদ চৌধুরী কিরণ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে রাজনীতি ও গণতন্ত্রের সুবাতাস বইছে। এটিএন বাংলা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা আগের মতোই অক্ষুণ্ণ রাখবে—এটাই প্রত্যাশা। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রাপথে অসংখ্য দর্শকের ভালোবাসা অর্জন করেছে। আমি আশা করি, যুগের চ্যালেঞ্জকে মোকাবিলা করে এটিএন বাংলা আরো এগিয়ে যাবে। 

শুভেচ্ছা বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শত বাধা সত্ত্বেও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে আপস করেনি এটিএন বাংলা এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।