ইরানের দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালাল মার্কিন বাহিনী 

ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার (১৫ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর এই হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান ওই অঞ্চলের জ্বালানি রপ্তানি আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা বলে দাবি করেছে সেন্টকম। 

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে। এই হামলায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হামলার সক্ষমতা হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‌‌৯০ মিনিটের টানা এই হামলা চলাকালীন বৃহত্তর তুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপর সুনির্দিষ্ট গোলাবর্ষণ করা হয়েছে।

এদিকে পাল্টা কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একইসঙ্গে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত দুটি জাহাজকে থামানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে, হরমুজ প্রণালি নিয়ে নতুন নৌ-অবরোধের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য প্রণালিটি উন্মুক্ত থাকবে।