ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জনই নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) এএফপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়া কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তোব্রুক থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল ইঞ্জিনচালিত ওই নৌকাটি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।
সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী নৌকাডুবির ঘটনা বেড়েই চলেছে। এটি তারই সর্বশেষ উদাহরণ। গত মাসেই একই এলাকায় আরেকটি নৌকা ডুবে ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।
প্রায় এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ফলে লিবিয়ার উপকূল হয়ে উঠেছে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারকারীদের অন্যতম প্রধান ঘাঁটি। এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রায় নৌকাডুবি এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর নাগরিক। সবারই লক্ষ্য ছিল ইউরোপ।