নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নানিসহ নিহত বেড়ে ৩ 

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক(৬২),তার স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্স গাড়ির চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে রাজ হোসেন (৩৫)।

মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিডনী রোগে মারা যাওয়া শিশু নাতনী কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন স্বজনরা। এ সময় পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক ও শিশু কেয়ার নানী বুলু খাতুন নিহত হন। আহত হন কয়েকজন।তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কেয়ার নানা ছলিম প্রামানিক মারা যান।

ওসি জানান, খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থেলে পৌঁছে নিহত দুইজন ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।