বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আইআরজিসির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির দাবি, তাদের মহাকাশ বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। উত্তরাঞ্চলীয় এ শহরেই মার্কিন কনস্যুলেট ও জোট বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এরবিলে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে বাহরাইনে হামলা এবং এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।