দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। এর মধ্যে পরীক্ষায় ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে, আর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৭৪ জন।
এ সময় ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু।
এদিকে, ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ২৯ হাজার ২৪২ শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১০৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪ হাজার ২৭৫ জন।