ভারতীয় হিন্দি টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন জেনিফার উইঙ্গেট। অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। এবার অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আবারও বিয়ের পিঁড়িতে বসছেন এই সুন্দরী! পাত্র কোনো অভিনেতা নন, বরং সিঙ্গাপুরের নামকরা ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল।
জেনিফার ও উইলিয়াম তাদের প্রেমের সম্পর্ক ও বিয়ের খবরটি এতদিন মিডিয়ার আড়ালেই রেখেছিলেন। তবে শেষ রক্ষা হলো না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটির গায়ে হলুদ অনুষ্ঠানের একটি গোপন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
জানা গেছে, গত ৪ জুলাই ভারতের একটি ঘরোয়া আয়োজনে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, পুরো অনুষ্ঠানস্থলটি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো এবং পেছনে বড় অক্ষরে লেখা রয়েছে ‘হালদি’।
কঠোর নিরাপত্তার কারণে ভিডিওতে বর-কনেকে পরিষ্কারভাবে দেখা না গেলেও, জেনিফারের ঘনিষ্ঠ সূত্র এই অনুষ্ঠানের সত্যতা নিশ্চিত করেছে।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ যুক্তরাজ্যের একটি সুন্দর গির্জায় অত্যন্ত ছিমছাম ও ব্যক্তিগত আয়োজনে তাদের খ্রিস্টীয় মতে বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেখানে দুই পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন কাছের বন্ধু উপস্থিত থাকবেন। জানা গেছে জেনিফার তার এই বিশেষ দিনের জন্য প্রখ্যাত ডিজাইনার ব্র্যান্ড ‘কার্লিও’র একটি কাস্টম-মেড সাদা গাউন বেছে নিয়েছেন।
এটি জেনিফারের জীবনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালের এপ্রিলে তিনি তার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘দিল মিল গায়ে’র সহ-অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র দুই বছরের মাথায় ২০১৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর করণ সিং গ্রোভার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও, জেনিফার গত ১২ বছর নিজেকে সিঙ্গেল রেখেছিলেন এবং নিজের ক্যারিয়ারেই পুরো মনোযোগ দিয়েছিলেন।
নতুন সম্পর্কে জড়ানোর খবরে জেনিফার উইঙ্গেটকে ঘিরে আনন্দ প্রকাশ করছেন তার ভক্তরা। তবে বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে এখন পর্যন্ত জেনিফার ও উইলিয়াম কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এরপরও নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক বিয়ের ছবি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।