ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লীতে পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, শরীফা খাতুন (৮) ও মাহমুদুল হাসান (৫)। তারা চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের শমশের আলীর সন্তান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন খেলাধুলা করে বাড়ি ফেরার সময় পথের ধারে পুকুরে পড়ে যায় ভাই। ছোট ভাইকে পানিতে হাবুডুবু খেতে দেখে সাঁতার না জানা বড় বোন শরীফা পুকুরে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বললেন, ‘ভাইকে বাঁচাতে গিয়েই মেয়েটি পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় দুজনেই পানিতে ডুবে মারা যায়। পরে তাদের পুকুর থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করি।’
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।