অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র‍্যাব-৮-এর সাবেক ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। 

বুধবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাসুদুর রহমান মনির ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি র‍্যাব-৮-এর অধিনায়ক একই দিনে র‍্যাব সদর দপ্তরকে অবহিত করেন।

প্রজ্ঞাপন

এতে আরও বলা হয়, তার অফিস কক্ষ তল্লাশি করে ২০২৪ সালের ১২ নভেম্বর সই করা ১০ দিনের ছুটির একটি আবেদনপত্র পাওয়া যায়। এছাড়া তিনি ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিক্যাল ছুটির আবেদনও পাঠান। তবে বিধি অনুযায়ী আবেদনগুলো গ্রহণযোগ্য না হওয়ায় সেগুলো অনুমোদিত হয়নি।

সবশেষ বুধবার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।