হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের তানভীর ও একই গ্রামের আবিদুল লস্কর (৩২)।
আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের মিজান মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
এ সময় বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, জলসুখা ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।