অপরিবর্তিত থাকছে সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা 

উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার করার প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই মাসিক ৫০ হাজার টাকার ভাতা বহাল থাকছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর প্রস্তাবকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষও দেখা দেয়।

এর আগে গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় ভাতা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওই প্রস্তাবের বিষয়ে আর কোনো কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছে। ফলে মাসিক ৫০ হাজার টাকার ভাতা অপরিবর্তিত থাকছে।

এই সুবিধা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাই নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও পেয়ে থাকেন।

এদিকে, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।