যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে, এই আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা ছাত্রদল প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রাকিব।
রাকিবুল ইসলাম রাকিব বলন, ৫ আগস্ট পরবর্তী দেড় বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের নিকট আমরা দাবি জানিয়েছিলাম যেন রায়গুলো ঘোষণা করা হয়। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই যে, তারা ক্ষমতায় আসার পরপরই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি সরকারের যে সদিচ্ছা এবং তারা মুখে নয় কাজে বিশ্বাসী, তা প্রমাণ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী-সমর্থক শহীদ হয়েছে। বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। বিগত সাড়ে ১৭ বছর আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে। বিএনপি সরকারের ওপর আমরা আস্থা রেখেছি।
তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রায়ই নয়, বিগত সময়ে যারা ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুততম সময় রায় প্রদান করতে হবে। শহীদ আবু সাঈদসহ বেশ কিছু মামলার রায় প্রদান করা হয়েছে। কিছু মামলায় খুনি হাসিনার রায় হয়েছে। তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে। আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জুলাই-আগস্টে শহীদ ভাইদের রক্তের সাথে কোনো প্রতারণা করব না। কোনো বেঈমানি করা হবে না। কিন্তু যারা বেঈমানি করতে চাইবে, তাদেরকে প্রতিহত করা হবে।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে আবু সাঈদের পরিবারের খোঁজ-খবর নেন ছাত্রদল সভাপতি।