অদ্ভুত কারণে বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখে আরেকটি ফাইনাল খেলতে নামবে আলবিসেলেস্তেরা। তবে টুর্নামেন্টে আর্জেন্টিনার কোনো ম্যাচেই মাঠে দেখা যায়নি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে। এমনকি তিনি ফাইনাল দেখতেও মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার নেপথ্যে রয়েছে একাধিক ‘কুসংস্কার’। 

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু নিজ দেশের ম্যাচ নিজের বাসভবন থেকেই দেখার সিদ্ধান্ত নিয়েছেন আলবিসেলেস্তে প্রেসিডেন্ট। চলতি আসরে মেসিদের গত সাতটি ম্যাচও তিনি নিজ বাসভবনে দেখেছেন। কোনো অবস্থাতেই নিজের সেই ‘লাকি টোটকা’ ভাঙতে চান না হাভিয়ের মিলেই।

বিশ্বজুড়ে ফুটবল সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে সৌভাগ্য বয়ে আনে– এমন নানা ধরনের কুসংস্কার বা আচার-অনুষ্ঠান মেনে চলার প্রবণতা রয়েছে। তবে লাতিন আমেরিকায়, বিশেষত আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত এসব আচার বা বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি। জাতীয় দলের প্রতি মানুষের আবেগ ও নিবিড় অনুসরণের প্রতিফলন হিসেবেই এগুলো দেখা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নিউজার্সিতে বসে ফাইনাল দেখবেন কি না। জবাবে মিলেই বলেন, ‘কোনোভাবেই না।’ বুয়েনস আয়ার্সের স্থানীয় রেডিও স্টেশন এল অবজারভাদর–কে তিনি বলেন, ‘আমি সব ম্যাচের মতো এবারও অলিভোস (প্রেসিডেন্টের সরকারি বাসভবন) থেকেই খেলা দেখব।’

নির্দিষ্ট কুসংস্কারের কারণেই মিলেই বাড়িতে থাকছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন ঠান্ডা, কিন্তু আমি হিটার চালাই না। তাই একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন জ্যাকেট পরে খুব গরম লাগছিল। আমি সেটা খুলে ফেলতেই তারা আমাদের বিপক্ষে গোল করে। এরপর আবার জ্যাকেটটি পরে নিই এবং আর কখনও খুলি না।’