ময়মনসিংহ নগরীতে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মো. আক্তার হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ১টার দিকে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে লাইন সচল করা হয়। পরে বিজয় এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এবং ওই সময় থেকেই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।