সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা

সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অপারেশন কমান্ড সেন্টারে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। 

শুক্রবার (১৭ জুলাই) মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সামরিক অভিযানের পাশাপাশি তেহরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে সিরিয়ার অভ্যন্তরে মার্কিন বিশেষ বাহিনীর প্রধান ঘাঁটিতে এই সফল আক্রমণটি পরিচালনা করা হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণে তাদের বেশ কয়েকজন বীর সেনা নিহতের ঘটনার সরাসরি এবং কঠোর প্রতিশোধ নিতেই তেহরানের পক্ষ থেকে এই ত্বরিত সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই প্রতিশোধমূলক হামলার পাশাপাশি আইআরজিসি বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়ে ঘোষণা করেছে যে হরমুজ প্রণালীর ওপর এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিরঙ্কুশ ও পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী হামলা ও বোমাবর্ষণ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে কোনো ধরনের জ্বালানি তেল বা গ্যাস বিশ্ববাজারে রপ্তানি করতে দেওয়া হবে না।

সূত্র: মিডল ইস্ট আই