বলিউড ভাইজান সালমান খানকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে কেবল রূপালি পর্দায় নয়, বাস্তব জীবনেও মানুষের চলন-বলন দেখে ভেতরের খবর বা সম্পর্কের রসায়ন আঁচ করার ক্ষেত্রে যে তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে, তারই এক চমকপ্রদ প্রমাণ দিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঞ্চালনায় একটি জনপ্রিয় টক শোতে অতিথি হিসেবে হাজির হয়ে এই জুটি তাদের প্রেমের শুরুর দিনগুলোর এক অজানা অধ্যায় উন্মোচন করেছেন।
সোনাক্ষী ও জাহির জানান, তাদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল খোদ সালমান খানেরই একটি পার্টিতে। সেখানেই দুজনের প্রথম পরিচয় এবং পরবর্তীতে তা বন্ধুত্বে রূপ নেয়। বন্ধুত্ব থেকে একসময় গভীর প্রেম গড়ে উঠলেও ক্যারিয়ার ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে শুরুর দিকে বিষয়টি সম্পূর্ণ চেপে রেখেছিলেন এই জুটি।
কেউ কিছু না জানলেও বলিউড ‘টাইগার’-এর চোখ এড়ানো যে সহজ নয়, তা হাড়হাড় খাট্টা টের পেয়েছিলেন সোনাক্ষী-জাহির। জাহির ইকবাল অনুষ্ঠানে জানান, তারা কাউকে কিছু না বললেও তাদের চালচলন দেখেই সালমান খান পুরো ব্যাপারটা বুঝে ফেলেছিলেন।
এরপর মজার ছলে সালমান তাদের বলেন, একদিন তাদের ব্রেকআপ হলে দুজনই তার কাছে এসে কাঁদবেন, কিন্তু তিনি কারও পক্ষ নিতে পারবেন না—কারণ দুজনকেই তিনি সমান ভালোবাসেন। সোনাক্ষী জানান, সালমান যখনই তাদের সম্পর্ক নিয়ে খোঁচা দিয়ে প্রশ্ন করতেন, তখন তারা বরাবরই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন।
সোনাক্ষী জানান, একপর্যায়ে সালমান নিজেই যখন স্পষ্ট ইঙ্গিতে বুঝিয়ে দেন যে তিনি সব গোপন খবর আগেই ধরে ফেলেছেন। এরপর আর সম্পর্ক লুকিয়ে রাখার কোনো সুযোগ ছিল না।
উল্লেখ্য, সালমানের চোখ ফাঁকি দিয়ে শুরু করা এই প্রেম কিন্তু ব্রেকআপে গড়ায়নি। প্রায় সাত বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক পেরিয়ে ২০২৪ সালের জুন মাসে আইনি প্রক্রিয়ায় বিয়ের পিঁড়িতে বসেন সোনাক্ষী ও জাহির। বর্তমানে এই বলিউড দম্পতি দারুণ সুখী দাম্পত্য জীবন পার করছেন, আর তাঁদের এই পুরোনো মিষ্টি স্মৃতির গল্প ভক্তদের মাঝে নতুন করে বেশ সাড়া ফেলেছে।