হাসপাতালের বর্জ্য যথাযথভাবে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্বের আওতায় পড়ে না। এ ধরনের বর্জ্য অপসারণের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। পাশাপাশি হাসপাতালের সামনে একটি ময়লার বিন স্থাপনের পরামর্শও দেন তিনি।
এলাকাবাসীর জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া সেবার মান বজায় রেখে হাসপাতালটিকে এলাকার অন্যতম সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার আশা ব্যক্ত করেন ডিএনসিসি প্রশাসক।