আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করে আসছি বলে মন্তব্য করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। পরে তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ছাত্রদল নেতার নাম ফখরুল ইসলাম মিঠু। তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
সভায় ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।
এমন বক্তব্যের জেরে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এটা পলিটিক্স মঞ্চ না। একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।
এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেপ্তার করেন না। এর জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।
তিনি আও বলেন, ৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে।