টরন্টোতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সময়মেলা’

কানাডার ১৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টরন্টোর বাংলাপাড়া হিসেবে পরিচিত শহীদ মিনার-সংলগ্ন ড্যানফোর্থের ড্যানফোর্থ–ড্যানটোনিয়া পার্কে (Danforth–Dentonia Park) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘সময়মেলা’। দিনব্যাপী এ আয়োজনে কয়েক হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ২০০৩ সাল থেকে প্রতি বছরের ১ জুলাই নিয়মিতভাবে ‘সময়মেলা’ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজন ছিল ২৪তম।

এবারের মেলার অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তোশিবা বেগম। তিনি ‘বন্ধু তুমি কই কই রে’ ও ‘পানের লগে চুন মিশাইয়া, কী জাদু করছো’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

এ ছাড়া মেলার উদ্যোক্তা আলমগীর হোসাইনসহ স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত আবহ তৈরি করেন।

সামারের মনোরম আবহে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন উৎসবের মধ্যে ‘সময়মেলা’ অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আয়োজন। বাংলা মেলা, সম্মিলিত বাংলা মেলা, ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া এবং বাংলাদেশ কার্নিভালের পাশাপাশি এটি প্রবাসী বাংলাদেশিদের একটি জনপ্রিয় মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার কর্ণধার আলমগীর হোসাইন বলেন, সময় পত্রিকা থেকেই সময়মেলার জন্ম। আজ এটি শুধু বাংলাদেশি কমিউনিটির নয়, বহুসাংস্কৃতিক কানাডার সাংস্কৃতিক পরিমণ্ডলেরও একটি পরিচিত আয়োজনে পরিণত হয়েছে।