কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে দলবদ্ধ হয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা জমায়েতের গোপন খবরে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন লুঙ্গি পরেই ধাওয়া দিয়েছেন তাদের।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এমপির ধাওয়ায় ১টি মোটরসাইকেল ফেলে মাদককারবারিরা পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তের কাছে আশাবাড়ি এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে মাদকের কারবার চলে। স্থানীয় লোকজন বাধা দিলে তাতে মাদককারবারিরা তাদের ওপর চড়াও হন। এতে ভয়ে আর মুখ খোলেন না কেউ। ওই এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার যেন একটি চিরাচরিত ঘটনা হয়ে গেছে।
গতকাল দুপুরে স্থানীয়দের মাধ্যমে গোপনে মাদক কারবারিদের জমায়েত হওয়ার খবর পান এমপি জসীম। পরে তিনি তার ব্যক্তিগত রয়েল এনফিল্ড বাইক নিয়ে তার সঙ্গে এক সহকারীকে নিয়ে আশাবাড়ি এলাকায় ছুটে যান লুঙ্গি পরেই।
এ সময় আশাবাড়ি সড়কের ওপর ৭-৮টি মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে আসা মাদক কারবারিদের জমায়েত দেখতে পান সংসদ সদস্য। পরে তাদের ধাওয়া দিলে হুমড়ি খেয়ে পালিয়ে যান তারা। ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একটি মোটরসাইকেল ফেলে রেখে যান মাদক কারবারিরা। পরে পুলিশকে ফোন করেন সংসদ সদস্য জসীম উদ্দিন।
পরে পুলিশ ঘটনাস্থলে এলে সেই মোটরসাইকেলটি হস্তান্তর করেন সংসদ সদস্য। পুলিশ মোটরসাইকেল নিয়ে আসে থানায়। একইসঙ্গে এসময় আশাবাড়ি সড়কে সন্দেহজনক ঘুরাফেরা করায় নবীনগর উপজেলা থেকে আসা দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংসদ সদস্য। এ দুই যুবকের সঙ্গে থাকা মোটরসাইকেল এবং দুই যুববকেও পুলিশকে বুঝিয়ে দেন সংসদ সদস্য। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই দুই যুবককে ছেড়ে দেয়।
আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং প্রধান ওয়াদা ছিল আমার এলাকাকে মাদকমুক্ত করবো জানিয়ে জসীম উদ্দিন বলেন, আমার নির্বাচনী এলাকাটি বর্ডার বেইসড হওয়ায় এখানে মাদকের ভয়াবহতা অনেক বেশি। তারই অংশ হিসেবে আমি বেশকিছু এলাকায় রাতবিরেতেও মাদকবিরোধী অভিযান চালিয়েছি। আমার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি। মাদকের বিরুদ্ধে আমার জিহাদ চলবেই।