দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে আরও তিনটি বিদ্যালয় লুটপাট করার পর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী রিমা কারামি। এই নতুন ক্ষয়ক্ষতির ফলে লেবাননে ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ২০টিতে দাঁড়িয়েছে।
শনিবার (১৮ জুলাই) মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মাসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এক প্রতিবেদনে জানিয়েছিল যে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে লেবাননে ১৭টি বিদ্যালয় মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ১০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে তিনটি বিদ্যালয় ধ্বংসের ঘটনা ইউনেস্কোর সেই পূর্ববর্তী পরিসংখ্যানকে আরও বাড়িয়ে দিল।
ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী এই দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের কারণে লেবাননের প্রায় ৫ লাখ শিশু বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছে এবং তারা বিদ্যালয়ের বাইরে দিন কাটাচ্ছে। চলমান এই যুদ্ধ পরিস্থিতি দেশটির সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।
সূত্র: মিডল ইস্ট আই