‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন ! মামলায় কাকে গ্রেপ্তার করবো, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি-এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুলিশ সুপার।

এদিকে এ ঘটনার একাধিক ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সভায় জুলাই আন্দোলনে ঢাকায় নিহত লাকসামের জিসানের বাবা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বক্তব্যের সূত্র ধরে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পুলিশ সুপারকে বলেন, ‘আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা ফিরে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না। আমরা তথ্য দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জিসানের বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।’

এর জবাবে পুলিশ সুপার বলেন, জিসান ঢাকায় নিহত হয়েছেন এবং এ ঘটনায় ঢাকায় মামলা হয়েছে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরিবর্তে তথ্যপ্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। এটি রাজনৈতিক মঞ্চ নয়, তথ্য ছাড়া এভাবে অভিযোগ করা সমীচীন নয়।

এ বিষয়ে গতকাল রাতে কুমিল্লার পুলিশ সুপার দাবি করেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বর্তমানে পুলিশ পেশাদারত্বের সঙ্গে হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমন সময়ে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৩০ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন মো. আনিসুজ্জামান। ওই বক্তব্যে নিজেকে ছাত্রদলের সাবেক কর্মী হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে তিনি জানান, তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উদাহরণ হিসেবে তিনি বিষয়টি বলেছেন। তবে চাকরিতে যোগদানের পর থেকে তিনি পেশাদারত্বের সঙ্গেই দায়িত্ব পালন করছেন।

ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় হওয়া বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ আছে বলে দাবি করেন পুলিশ সুপার। তিনি কুমিল্লায় যোগদানের পর মামলা–বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ওই নেতা পুলিশকে নিয়ে ঢালাও অভিযোগ করছেন।

এদিকে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম বলেন, ‘পুলিশ সুপারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রমাণ থাকলে অনেক আগেই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।’

জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।