মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

আল্লাহ তায়ালার মহান দুই নাম আল-হাই (চিরঞ্জীব) ও আল-কাইয়ুম (স্বয়ংসম্পূর্ণ) এর অর্থ, গুরুত্ব ও ইসলামী আকীদায় এর তাৎপর্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের আল-মুআইকলি। শুক্রবার জুমার খুতবায় এ বিষয়ে আলোচনা করেন তিনি।  এ সময় তিনি আল্লাহ তায়ালার নাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের আহ্বান জানান মুসলিমদের।

তিনি বলেন, আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জানা ইসলামের সবচেয়ে মহত্তম জ্ঞান। এই দুটি নাম আল্লাহর অন্যতম ব্যাপক অর্থবোধক নাম, কারণ এর মধ্যে মহান আল্লাহর সব ধরনের নিখুঁত বৈশিষ্ট্য ও ক্ষমতার প্রকাশ ঘটেছে।

মসজিদুল হারামের ইমাম মুসলমানদের প্রতি আহ্বান জানান, তারা যেন আল্লাহর নামগুলো সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন, তার ওপর ভরসা আরও সুদৃঢ় করেন এবং বিশেষ করে যেকোনো সংকটের সময়ে বেশি বেশি দোয়া ও জিকিরে মগ্ন থাকেন।

একই দিনে মদিনার মসজিদে নববীতে বৈবাহিক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন  পবিত্র মসজিদে নববীর ইমাম শায়খ হুসাইন আল আলে শায়খ। তিনি জুমার খুতবায় বলেছেন, ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও দয়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার প্রতি উৎসাহিত করে ইসলাম এবং পারিবারিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলে ইসলাম।

তিনি বলেন, যেকোনো ধরনের ক্ষতি এড়াতে সম্ভাব্য মীমাংসা, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ার পথ খোঁজার পর একেবারে শেষ অবলম্বন হিসেবেই শুধু বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা উচিত।

ইমাম সতর্ক করে বলেন, পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকলে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, একটি স্থিতিশীল পরিবার টিকিয়ে রাখার জন্য স্বামী-স্ত্রী উভয়ের জন্য তাদের বন্ধন রক্ষা করা প্রয়োজন। সেই সঙ্গে সুনির্দিষ্ট প্রয়োজন ছাড়া এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা পরিবারের ঐক্যকে হুমকির মুখে ফেলে।