কুয়েতে উচ্ছেদকৃত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

কুয়েতে ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবনগুলোর বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এই অভিযানের অংশ হিসেবে দেশটির হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ উচ্ছেদ হওয়া এসব প্রবাসীদের মানবিক সহায়তায় হাসাবিয়া এলাকায় একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলেছে কুয়েত সরকার। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ও জরুরি পরামর্শ জারি করেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিতে দূতাবাসের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে যায়। মিশন প্রধান ও কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে এই দল প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। একই সঙ্গে স্থানীয় কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তারা।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কাগজপত্রধারী প্রবাসীদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের কাগজপত্র অবৈধ, তাদেরকে ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

কুয়েতি কর্মকর্তারা দূতাবাসের প্রতিনিধি দলকে বলেছেন, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন সরানোর পাশাপাশি অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। একই ধরনের অভিযান দেশের অন্যান্য এলাকায়ও শুরু করার প্রস্তুতি চলছে।

আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র দেখিয়ে সেখানে অবস্থান করতে পারবেন, তবে কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণে বাইরে বের হতে পারবেন না।

পরিস্থিতি বিবেচনা করে কুয়েতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে আবাসন-সংক্রান্ত সব বৈধ কাগজপত্র হালনাগাদ রাখতে এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।