রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ট্রাকসহ ভেঙে পড়েছে একটি সেতুর পাটাতন। এতে কাউখালী সদরের সঙ্গে রাঙ্গামাটি ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কাউখালী-রানীরহাট সড়কের সাহেব নগর এলাকায় একটি ইটবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দ্রুততার সঙ্গে ব্রিজের পাটাতন ঠিক করে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা সদর থেকে রাঙ্গামাটি জেলা সদর ও চট্টগ্রামের সঙ্গে একমাত্র সড়ক যোগাযোগ স্থাপনকারী কাউখালী-রাণীরহাট সড়ক। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক থেকে কাউখালী উপজেলা সদর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এ সড়কের চারটি স্থানে বেইলি ব্রিজ রয়েছে।

এসব বেইলি ব্রিজ জরাজীর্ণ হলেও জোড়াতালি দিয়ে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে।

এই সড়কের চারটি বেইলি ব্রিজের মধ্যে দুটিতে কংক্রিটের ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হলেও তা ধীর গতিতে চলছে বলে স্থানীয়দের অভিযোগ। এরই মধ্যে শনিবার সকালে সাহেব নগর এলাকায় একটি ইটবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগের পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, পাটাতন ভেঙে পড়া বেইলি ব্রিজটিও কংক্রিট দিয়ে নির্মাণের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়াতে কাজ শুরু করতে দেরি হচ্ছে।