যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র আগে থেকেই ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি ভঙ্গ ও স্থগিত করেছে। এর জবাব হিসেবে ইরানও সমঝোতার অধীনে নিজেদের সব ধরনের প্রতিশ্রুতি ও বাস্তবায়ন কার্যক্রম স্থগিত করেছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা।
এর আগে ইরানের কর্মকর্তারা একাধিকবার অভিযোগ করেছিলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত যুক্তরাষ্ট্র মানছে না। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছিলেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে তেহরানও সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসবে।
সর্বশেষ ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল ইরান, ইসলামাবাদ সমঝোতার কোনো ধারাই তারা আর বাস্তবায়ন করবে না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েছে। চলমান এই উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।