লুসাইলের সেই রাত মেটলাইফে ফিরবে?

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অমরত্ব লিখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওলেন মেসি। আর্জেন্টিনাকে দিয়েছেন ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ। এবার আরও একটি ফাইনালে আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের সামনে আরও একটি শিরোপার হাতছানি। এবারের ফাইনাল আর্জেন্টাইন ভক্তদের কাছে যতটা বিশেষ, ততটা হৃদয়বিদারকও বটে। কেননা এই ম্যাচের মধ্য দিয়ে আকাশি-নীল জার্সি পরে শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামবেন অধিনায়ক লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজসহ একাধিক তারকা।

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আলবিসেলেস্তেদের শিরোপা জয়যাত্রা এক মহাকাব্যের সামনে দাঁড়িয়ে। মেসিকে অনুপ্রেরণা বানিয়ে লিওনেল স্কালোনি একটা জরাজীর্ণ দলকে এক সুতোয়ে গেঁথেছে, তা কোনো রূপকথার গল্পের চেয়ে কম কিছু না। ২০২১ সালের পর এখন পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নরা মোট চারটি টুর্নামেন্ট খেলেছে। সেই চার টুর্নামেন্টে শিরোপা জয় করে বাড়ি ফিরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

লড়াইও করেছে চ্যাম্পিয়নদের মতো। যেখানে ২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা খরা কাটিয়েছিল মেসি বাহিনী। এরপর ২০২২ সালে ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারায়। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। 

সবশেষ ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে আর্জেন্টাইনরা। আজ রাতে নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কাতারের লুসাইল স্টেডিয়ামের সেই মহাকাব্যিক রাতের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কিনা মেসি, ডি পল, এমি মার্টিনেজ, লাউতারো, আলভারেজরা। সেটাই এখন দেখার বিষয়।

যদিও যুক্তরাষ্ট্রে পা দেওয়ার আগে আর্জেন্টাইন শিবির থেকে বলা হয়েছে, তারা বিশ্বকাপ জয়ের জন্য নয়, বরং শিরোপা ধরে রাখার জন্য লড়াই করবেন। পুরো আসর জুড়ে স্কালোনির শিষ্যরা, সেই পরিকল্পনা অনুযায়ী খেলে আসছে, ফলও পেয়েছে। পিছিয়ে পড়লেও অদম্য আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে চ্যাম্পিয়নদের মতো করে। আজ স্প্যানিশ বাধা অতিক্রম করলেও শিরোপা নিজেদের দখলে রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বেন মেসি বাহিনী।

এছাড়াও স্পেনকে হারাতে পারলে তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে আর্জেন্টিনা। এর আগে ১৯৩৪ এবং ১৯৩৮ সালে টানা দুইবার বিশ্বকাপ জিতেছিল ইতালি। এছাড়াও ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ টানা দুইবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে। সেসঙ্গে আজ জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে জার্মানি ও ইতালির চার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বে লাতিন আমেরিকার দেশটি।