ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা মেইন রোডে অবস্থিত ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সম্মানিত সদস্য এবং সুবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ। তিনি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সম্পৃক্ততা এবং বিদ্যালয়ের শিক্ষা পরিবেশের প্রশংসা করেন। বক্তব্যে তিনি ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও উত্তম চরিত্র অর্জনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসসিআই (USCI) ইউনিভার্সিটির ডিন অধ্যাপক মোহাম্মদ জুনায়েদ মুনির। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনার সমন্বিত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘নৈতিক ও আধুনিক শিক্ষায় উৎকর্ষ’ স্লোগান নিয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করা ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে বর্তমানে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি সমন্বিত ইসলামিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় রয়েছে হিফজুল কুরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ।

প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ক্যামব্রিজ ও লেভেল (O Level) ও এ লেভেল (A Level) পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়।

এ ছাড়া মসজিদে নববীর একজন সাবেক শিক্ষক এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআনের তত্ত্বাবধানে হিফজুল কুরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ বিভাগ পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হিফজের পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টিতে আর্ট অ্যান্ড কালচার, পাবলিক স্পিকিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সপ্লোরেশন, নেতৃত্ব বিকাশ এবং খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, যা শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইসলামিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের যোগ্য, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

কর্তৃপক্ষ আরও জানায়, ইসলামিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিশ্রুতিবদ্ধ।