অভিনয়ের ব্যস্ততার মধ্যেও সামাজিক উদ্যোগে অংশ নিলেন বলিউড অভিনেতা সালমান খান। মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের ৫০টির বেশি সুবিধাভোগীর হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দেওয়ার পাশাপাশি উদ্বোধন করেন বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের নতুন ডেটা ও আইটি অবকাঠামো।
শুক্রবার (১৭ জুলাই) রাতে শুভেচ্ছা সফরে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে যান সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন তিনি।
এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসন প্রকল্পের ৫০টির বেশি সুবিধাভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান। দীর্ঘ প্রতীক্ষার পর স্থায়ী আবাসনের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা।
এ সময় এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বুকেরও মোড়ক উন্মোচন করেন তিনি। বইটিতে সংস্থাটির উন্নয়নমূলক প্রকল্প, সফল পুনর্বাসনের অভিজ্ঞতা, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এসআরএর দাবি, নতুন আইটি সার্ভার রুম চালু হওয়ার ফলে সংস্থার ডিজিটাল সেবা আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিক সেবার মান উন্নত হবে।
সফরকালে সালমান খানকে এসআরএর বিভিন্ন কার্যক্রম ও চলমান পুনর্বাসন প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। তিনি সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের আশা, তার উপস্থিতি পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
অন্যদিকে, পেশাগত ব্যস্ততাও রয়েছে সালমান খানের। বর্তমানে তিনি তার নতুন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্প নিয়েও কাজ করছেন, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।