যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
রোববার (১৯ জুলাই) ভূমিকম্পের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকা। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহে কেন্দ্রস্থলের আশপাশের কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।