কক্সবাজারে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ওই গাড়ির চালক মোহাম্মদ শফিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার হোসেন আলী (৪৫) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল গ্রামের বাসিন্দা সামশুল আলমের ছেলে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারে বিপুল ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। তল্লাশিকালে নাম্বারহীন প্রাইভেট কারটির গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে।
ওসি আরও জানান, ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেয়ার কথা ছিল, তা জানতে হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।