কর্মপরিবেশ উন্নয়নে দেশ নতুন এক যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সম্প্রসারণে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।

রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর (Gilbert F. Houngbo) সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।বাংলাদেশে দুই দিনের সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক তার সাথে এ সাক্ষাৎ করেন।
 
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রম খাতে চলমান সার্বিক সংস্কারের মাধ্যমে শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।
 
তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সম্প্রসারণে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে এবং এর মাধ্যমে আইএলও সংবিধানের অনুচ্ছেদ ২৬-এর আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।