হাওরের বুকে নৌকায় উন্মোচিত হলো ‘জল হাওর একতারা’

ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’-এর উদ্যোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ব্যতিক্রমী আয়োজনে নৌকায় কবি শাহেদ কায়েসের নতুন কাব্যগ্রন্থ ‘জল হাওর একতারা’-এর পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি অতনু তিয়াস বলেন, ‘এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, বরং একটি জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে একে অপরের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় এবং মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা ও প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের অনুভব।’

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের জন্য ‘মেঘযাত্রী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কবি শাহেদ কায়েস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনিন্দ্য জসীম। কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করেন কবি শতাব্দী কাদের ও কবি অতনু তিয়াস। এ সময় গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি সোহেল মাজহার, কবি সিদ্ধার্থ টিপু, কবি বিল্লাল মেহেদী, কবি অনিন্দ্য জসীম, কবি বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমানসহ ‘মেঘযাত্রী’র অন্যান্য হাওরপ্রেমী।

‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী। আগ্রহী পাঠকরা অনলাইনে অর্ডারের পাশাপাশি রকমারি, প্রথমা ও বাতিঘর থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।