বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে শেষ নয়, নতুন শুরুর অনুপ্রেরণা হিসেবে দেখছেন দলের তরুণ মিডফিল্ডার নিকো পাস। বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি ২১ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে সতীর্থ, সমর্থক ও দেশের প্রতি নিজের আবেগ প্রকাশ করেন তিনি।
নিকো লেখেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি। এই দেশ, এই জাতীয় দল এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে গর্বিত, যারা এই জার্সির জন্য জীবন উজাড় করে দেয় এবং প্রতিটি মুহূর্তে হৃদয়-প্রাণ ঢেলে লড়ে। আমি শুধু ধন্যবাদ জানাতে চাই।’
সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেব।’
একই পোস্টে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে নিকো বলেন, ‘স্পেন এবং সব স্প্যানিশ মানুষকে অভিনন্দন। ভালো সময় হোক কিংবা কঠিন সময়—আর্জেন্টিনা সবসময়।’
স্পেনের সান্তা ক্রুজ দে টেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাস আর্জেন্টিনার সাবেক ফুটবলার পাবলো পাসের ছেলে। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন। জন্মভূমি স্পেনের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ না পেলেও, বিশ্বকাপ হারার পর দেওয়া বার্তায় আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের অঙ্গীকার আরও একবার স্পষ্ট করেছেন তিনি।