বল ছুঁতে পেরেছেন মাত্র ৫৪ বার, স্পেনের ডি-বক্সে একবারও ঢুকতে পারেননি মেসি

বিশ্বকাপ ফাইনালে নিজের পুরোটা দিতে পারেন নি লিওনেল মেসি। পুরো ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক বল স্পর্শ করতে পেরেছেন মাত্র ৫৪ বার। আরও অবাক করা তথ্য, ম্যাচের ৯০ মিনিটে একবারও বল নিয়ে স্পেনের পেনাল্টি বক্সে ঢুকতে পারেননি তিনি।

নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে আক্রমণভাগে প্রভাব বিস্তার করতে না পেরে মেসিকে বারবার মাঝমাঠে নেমে এসে বল সংগ্রহ করতে দেখা যায়। স্পেনের দখলভিত্তিক ফুটবলের কারণে বলের নিয়ন্ত্রণও খুব বেশি সময় ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস মনে করেন, মেসিকে নিষ্ক্রিয় করে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়ই ছিল বল নিজেদের দখলে রাখা। বিবিসিকে তিনি বলেন, ‘সবাই জানতে চাইছিল, মেসিকে কীভাবে থামানো যায়। এর উত্তর হলো, বল নিজেদের দখলে রাখতে হবে এবং তাকে উল্টো দিকে দৌড়াতে বাধ্য করতে হবে। স্পেন আজ ঠিক সেটাই করেছে।’

তবে ফাইনালের এই পরিসংখ্যান দিয়ে মেসির পুরো টুর্নামেন্টকে বিচার করতে রাজি নন রিচার্ডস। তার মতে, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন সেরা খেলোয়াড়দের একজন।

তার ভাষায়, ‘সে এই টুর্নামেন্টে এসেছে এবং সেরাদের একজন ছিল, যদি সবচেয়ে সেরা না-ও হয়। বল ছাড়া তার সীমাবদ্ধতা আমরা জানি। কিন্তু মানুষকে যেভাবে অনুপ্রাণিত করতে পারে, তা অবিশ্বাস্য। আমরা একজন অসাধারণ ফুটবলারের মহত্ত্বের সাক্ষী হচ্ছি।’

মেসিকে কার্যকরভাবে নিষ্ক্রিয় রাখার পাশাপাশি বলের দখলে আধিপত্য বিস্তার করেই ফাইনালে ১-০ গোলের জয় তুলে নেয় স্পেন।

সূত্র: বিবিসি