স্প্যানিশ ঝড়ে লণ্ডভণ্ড আর্জেন্টিনার চরম বিব্রতকর রেকর্ড

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইয়ে একপ্রকার অসহায়ই ছিল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের পুরোটা সময় স্প্যানিশদের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে থাকা আলবিসেলেস্তেরা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি। এমনকি অতিরিক্ত সময়ে নেওয়া দুটি শটও ছিল লক্ষ্যভ্রষ্ট। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন পরিসংখ্যান দলটির জন্য এক বিব্রতকর রেকর্ডই বটে।

লা রজার একের পর এক আক্রমণের ঢেউ সামলে রক্ষণভাগের দৃঢ়তায় ম্যাচটি কোনোমতে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য দ্বিতীয় অর্ধেকের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ মুহূর্তটা ১০ জন নিয়েই পার করতে হয় তাদের।

পরিসংখ্যানই বলে দিচ্ছে মাঠের চিত্রটা কেমন একতরফা ছিল। নির্ধারিত ৯০ মিনিটে স্পেন যেখানে ১৫টি শট নিয়েছিল, সেখানে আর্জেন্টিনার নামের পাশে ছিল শূন্য! স্প্যানিশরা কর্নার পেয়েছিল ৯টি, আর আর্জেন্টিনা আদায় করতে পেরেছিল মাত্র ১টি। এমন একচ্ছত্র আধিপত্যের পরও অবশ্য নির্ধারিত সময়ে গোলমুখ খুলতে পারেনি স্পেন।

অতিরিক্ত সময়ে শুরুর দিকে স্পেন বল জালে জড়ালেও ফাউলের কারণে বিতর্কিতভাবে তা বাতিল করা হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গিয়ে অবশেষে জালের দেখা পায় স্পেন। ফেরান তরেসের এই গোল ধরেই জেতে তারা।

এবারের ফাইনালের ইতিহাসের অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এক নেতিবাচক দিক থেকে। ওপ্টার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ে এবারই প্রথম কোন দল প্রতিপক্ষের গোলমুখ লক্ষ্য করে কোন শট নিতে পারেনি। আর্জেন্টিনার নাম উঠল এই বিব্রতকর রেকর্ডে।