সরে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন। এ সময় লেডি স্টারমারও রাজার সঙ্গে দেখা করেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের অবসান ঘটল।

পদত্যাগের আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য দেন স্টারমার। তিনি বলেন, আমার কাজ শেষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়।

বিদায়ী ভাষণে তিনি দাবি করেন, গত দুই বছরের তুলনায় যুক্তরাজ্য এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।