আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য, ব্রোঞ্জ পদক ও আন্তর্জাতিক স্বীকৃতি

চীনের শেনঝেনে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ৫৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত অর্থনীতি, ফাইন্যান্স ও বিজনেস কেসভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ফারাবিদ বিন ফয়সাল ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

এবারের আসরে বাংলাদেশের জন্য আরও একটি বড় অর্জন এসেছে আইইও ইউথ টক প্রতিযোগিতায়। প্রথমবারের মতো আয়োজিত এ বিভাগে জাইফ বিন মোর্শেদ প্রথম স্থান অর্জন করে গ্লোবাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নেতৃত্বগুণের ভিত্তিতে আয়োজিত এ প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

একই সঙ্গে অর্থনীতি শিক্ষায় ধারাবাহিক অবদান, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO)-কে Special International Recognition Award প্রদান করেছে আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড কর্তৃপক্ষ।
বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন ফারিহা তাসনিম, প্রান্ত ঘোষ এবং ফাইয়াদ সালেহীন আহমেদ। ৪৮ হাজারেরও বেশি নিবন্ধিত শিক্ষার্থীর মধ্য থেকে একাধিক বাছাইপর্ব, জাতীয় ক্যাম্প এবং বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলটি নির্বাচন করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের এক্সিকিউটিভ বোর্ড সদস্য ও বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ। ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বিডিইওর সেক্রেটারি রাফিদ আবরার।
এছাড়া BDEO-এর অ্যাম্বাসাডর মো. মানসুরুল হক এবং মো. আল-আমিন পারভেজ আন্তর্জাতিক বিজনেস কেস প্রতিযোগিতার জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপারসন এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনার প্রতিফলন। বিশ্বমানের অর্থনীতি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক-এর যৌথ উদ্যোগে এবং সিটি ব্যাংক-এর সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সাফল্য অর্থনীতি শিক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে।