‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস

মাঠজুড়ে তখন স্পেনের উল্লাস, আর অন্যপ্রান্তে কান্নায় ভেঙে পড়ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার এই পরাজয় স্তব্ধ করে দিয়েছে কোটি ভক্তকে। প্রিয় তারকার চোখের জল সইতে পারেননি অভিনেত্রী শারমীন জোহা শশীও। মেসির সেই আবেগঘন মুহূর্ত দেখে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ফেসবুকে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি।

 

‘হাজার বছর ধরে’ সিনেমার এ নায়িকা মেসির উদ্দেশে শুরুতেই আবেগময় স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তুমি সর্বকালের সেরা, মেসি তুমি, দয়া করে কেঁদো না।’

আর্জেন্টিনার ভক্ত এই অভিনেত্রী। তিনি মনে করেন, জীবনে সবাই সবকিছু পায় না। এটাই জীবনের নিয়ম। তাই একটি পরাজয় মেসির অসাধারণ অর্জনকে ম্লান করে দিতে পারবে না। তার ভাষ্য, ‘আজকের দিনটি হয়তো তোমার হলো না। কিন্তু তাই বলে তুমি কোনো অংশেই কম নও। তোমার ছোটখাটো অপূর্ণতাগুলোই তোমাকে আরও সুন্দর করে তোলে।’

তিনি লিখেছেন, ‘স্পেন যখন আনন্দে উদ্‌যাপন করছিল, আমি দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় শুধু ১০ নম্বর জার্সিটির দিকেই তাকিয়ে ছিলাম। আমার চোখ সেখানেই আটকে ছিল।’

মেসির পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সের প্রশংসা করে শশী লেখেন, ‘পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, জয় কীভাবে উপভোগ করতে হয়-সবই আমাদের শিখিয়েছ। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের মুগ্ধ করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।’


স্ট্যাটাসের শেষেও আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজের ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন শশী। তার ভাষায়, ‘আজকের দিনটা একসময় হারিয়ে যাবে, কিন্তু মেসি কখনো হারিয়ে যাবে না। তাই এখনো আমার কণ্ঠে একটাই ধ্বনি- মেসি সর্বকালের সেরা আর সেরা আর্জেন্টিনা।’

শশীর এই আবেগঘন স্ট্যাটাসে আর্জেন্টিনা ও মেসির অসংখ্য সমর্থক একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, আমরা তোমাকে ভালোবাসি মেসি আর তুমি সব সময় আমাদের ভালোবাসা হয়ে থাকবা।