জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন, যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয়, তবে গণভোট অবৈধ হয় কীভাবে?
সোমবার (২০ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় আয়োজিত এনসিপির জুলাই পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, `এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান আসলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী।'
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং এই স্পর্ধা কারও থাকা উচিত নয়।
ব্যাংক দখল ও লুটপাটের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। অতীতে এই ব্যাংক থেকে প্রায় ৯৯ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসন করছে।
পথসভায় সারজিস আলম,- রাশেদ খান, জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার কঠোর সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি ‘গুজব মেশিন’ এবং ‘প্রোপাগান্ডাবাজ’ হিসেবে আখ্যায়িত করেন।
তারেক রহমানের রাজনৈতিক অবস্থার সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি নেতা এমন ব্যক্তিকে নিজের সহকারী বানিয়েছেন, যিনি প্রমাণ ছাড়া গুজব ছড়ান।