সারজিস আলম

বিএনপির এমন খারাপ দিন এসেছে যে রাশেদ খাঁনকে সহকারী বানিয়েছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে মো. রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় রাশেদ খানের সাম্প্রতিক নিয়োগের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, বিএনপির অবস্থা এতটাই খারাপ দিন এসেছে যে রাশেদ খাঁনের মতো একজন মিথ্যা প্রোপাগান্ডাবাজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহকারী বানিয়েছেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের কঠোর সমালোচনা করেন।

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, রাশেদ খাঁন এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীর কঠোর সমালোচনা করে সারজিস আলম বলেন, সংস্কারের পক্ষে কথা বলা অনেক নেতা আজ প্রতিমন্ত্রীর লোভে বিবেক বিক্রি করে দিয়েছেন। জোনায়েদ সাকিকে সংসদে খুঁজে পাওয়া যায় না।

পঞ্চগড়ে জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রদল বা ছাত্রলীগ নেতার জামিন প্রসঙ্গ টেনে বিচার বিভাগ ও প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সারজিস। তিনি বলেন, পুলিশ, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে হাইকোর্টের বিচারক—যাঁরা এখনো মনে মনে আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করছেন, আগামীতে তাদের প্রত্যেকের নাম পোস্টার করে দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে।

প্রশাসনের কর্মকর্তাদের দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছিল, এখন নেই। বিএনপি আজ আছে, আগামীতে নাও থাকতে পারে। কিন্তু জনগণ থাকবে, রাষ্ট্র থাকবে। তাই কোনো দলের বা ব্যক্তির দালাল না হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।