সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার?

বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে গত কয়েক দিন ধরে ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও নানা গুঞ্জন চলছে। মুম্বাইয়ের একটি জনসমক্ষে উপস্থিতির পর তার ভেঙে যাওয়া স্বাস্থ্য নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, ঠিক তখনই নিজের ফিটনেস জানান দিয়ে একটি রহস্যময় পোস্ট করেছেন তিনি। তবে নিজের শরীর নিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে উল্টো ভক্তদের কুশল জানতে চেয়েছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (এসআরএ) এর একটি আধুনিক ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। সেই অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা লক্ষ্য করেন যে, অভিনেতা আগের তুলনায় অনেকটা রোগা হয়ে গেছেন। এরপর থেকেই তার অসুস্থতা নিয়ে ইন্টারনেটে নানা জল্পনা শুরু হয়। এমনকি আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তির অনুষ্ঠান থেকেও একই ধরনের গুঞ্জন ডালপালা মেলেছিল। কেউ কেউ দাবি করছেন, সালমান কোনো জটিল রোগে আক্রান্ত এবং তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতেও অনীহা প্রকাশ করছেন।

গুঞ্জনের এই ডামাডোলের মধ্যেই রোববার নিজের ইনস্টাগ্রামে সাদা-কালো কয়েকটি ছবি পোস্ট করেন সালমান। সেখানে তাকে বেশ চনমনে এবং পেশিবহুল শরীরের ফিটনেস প্রদর্শন করতে দেখা যায়। তবে ছবির চেয়েও বেশি আলোচিত হয়েছে তার দেওয়া ক্যাপশনটি। অভিনেতা লিখেছেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ (আপনাদের শরীর-স্বাস্থ্য কেমন আছে?)।

সালমানের এই সংক্ষিপ্ত বার্তাকে তার চিরাচরিত কায়দায় ভক্তদের আশ্বস্ত করার একটি কৌশল হিসেবে দেখছেন নেটিজেনরা। সরাসরি নিজের স্বাস্থ্যের ব্যাপারে কোনো সাফাই না দিয়ে উল্টো ভক্তদের কাছে প্রশ্ন রেখে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ভালো আছেন এবং কাজ নিয়ে ব্যস্ত।

সালমানের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং কমেন্ট বক্সে ভক্তদের ভালোবাসার জোয়ার নামে। অধিকাংশ ভক্ত তার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করেছেন এবং ভিত্তিহীন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। অনেকের মতে, তিনি পরিবার ও নিজের স্বাস্থ্যের চেয়ে তার হাতে থাকা চলচ্চিত্রগুলোর কাজ শেষ করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, অতীতেও সালমান খান বিভিন্ন স্নায়বিক ও শারীরিক সমস্যার কথা জনসমক্ষে স্বীকার করেছিলেন। তবে সাম্প্রতিক ভাইরাল ভিডিও থেকে সৃষ্ট নতুন এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বর্তমানে সালমান তার একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।