ইরানকে ঘুষ দেওয়ার বা ভয় দেখানোর যেকোনো মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকার চলাকালে তিনি এই মন্তব্য করেন।
১২ দিনের যুদ্ধের আগে অনুষ্ঠিত আলোচনা পর্বের কথা স্মরণ করে আব্বাস আরাগচি বলেন যে ‘তারা আমাকে নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্রকে ঘুষ দিতে এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এটা-সেটা করে দেবে এবং অনেক কিছু বানিয়ে দেবে। কিন্তু আমি তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিক্রির জন্য নয়’। তিনি সেখানে দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে ‘এখানে কোনো ঘুষ বা হুমকির স্থান নেই, কারণ হুমকি দিতে হয় তাকে যে ভয় পায়’।
চলমান রক্তক্ষয়ী সংঘাত সত্ত্বেও ইরানের মৌলিক নীতি বা কৌশলে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি বলে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে তেহরানের বন্ধু ও শত্রু উভয় পক্ষই তাকে স্বীকার করেছে যে বিশ্ব এখন বুঝতে পেরেছে ইরানের আসল পারমাণবিক বোমা হলো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান ‘হরমুজ প্রণালী’।
সূত্র: মিডল ইস্ট আই