যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী তেলের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানি বাজারেও। দেশটিতে আবারও সাধারণ মানের (রেগুলার) পেট্রোলের জাতীয় গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলারে পৌঁছেছে।

মোটর ক্লাব ফেডারেশন এএএর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় মূল্য ৪ ডলার। এক বছর আগে একই সময়ে এ দাম ছিল ৩ দশমিক ১৪ ডলার।

জাতীয় গড় মূল্য ৪ ডলারে পৌঁছালেও বিভিন্ন অঙ্গরাজ্যে চালকদের এর চেয়েও বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে। আবার কোথাও দাম তুলনামূলক কম। স্থানীয় জ্বালানি সরবরাহ এবং অঙ্গরাজ্যভিত্তিক করের কারণে এ পার্থক্য তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। গত মার্চের শেষ দিকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়ে যায়। পরে জুনের মাঝামাঝি সময়ে তা কিছুটা কমলেও সাম্প্রতিক উত্তেজনার কারণে আবারও ৪ ডলারে পৌঁছেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৯৫ ডলার এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৪ ডলারে উঠেছে।

সূত্র: এপি।