বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই গ্রামের রাজমিস্ত্রি ফারুক মণ্ডলের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া (৬) এবং আসাদুলের ছেলে জাকিরুল (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১টার দিকে গুচ্ছগ্রামসংলগ্ন একটি পুকুরে প্রথমে জাকিরুলের মরদেহ ভাসতে দেখেন এক নারী। পরে স্থানীয়রা পুকুর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তিন শিশু পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যায়।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।