রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বাড়াতে অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে চালক ও যানবাহনের মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত ও শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য বড় ধরনের হুমকি। এ কারণে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে আইন মেনে চলা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।